দেশে বৈপ্লবিক রূপান্তর ঘটাবে ডাটা অ্যানালাইটিক্স
ডিজিটাল ইকোনমির চালিকাশক্তি হবে ডাটা। তাই আগামীতে বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার জন্য ডাটাকে ইনসাইট হিসেবে প্রস্তুত করতে হবে। এসময় প্রতিটি প্রতিষ্ঠানের সিএক্সও’দের জন্য নিরাপত্তা সামাল দেয়া চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। ফলে শুধুমাত্র কার্যকারিতা এবং খরচ কমানোর জন্য নয়, পাশাপাশি ব্যবসায়ের কৌশলগত লক্ষ্য অর্জন করা এবং বিদ্যমান সল্যুউশনের সাথে নিরাপত্তা ও প্রাইভেসির মানও বাড়াতে হবে।
‘ডিজিটাল ফাস্ট - মর্ডান ওয়ার্কপ্লেস : এনগেজড কাস্টোমারস, এমপাওয়ার্ড এমপ্লয়িজ অ্যান্ড অপটিমাইজড অপারেশনস’ শীর্ষক গোলটেবিলে এমন অভিমত ব্যক্ত করেন খাত সংশ্লিষ্টরা।
রাজধানীর একটি হোটেলে রোববার (৩ নভেম্বর) রাতে রাজধানীতে এই গোলটেবিল আয়োজন করে বাংলাদেশের আইটি ও তথ্যপ্রযুক্তি বিনিয়োগকারী কোম্পানি ইজেনারেশন লিমিটেড এবং মাইক্রোসফট বাংলাদেশ।
বৈঠকে ডাটা, শক্তিশালী ম্যাট্রিক্স এবং অ্যানালাইটিক্যাল টুলস ব্যবহার করে ওয়ার্কপ্লেস ইনসাইট তৈরি করা, কার্যক্ষমতা বৃদ্ধি, কর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং ব্যবসায় প্রক্রিয়ার প্রবৃদ্ধি বিষয়ে আলোচনা ও কৌশল নির্ধারণের ওপর আলোকপাত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইজেনারেশন চেয়ারম্যান শামীম আহসান এবং স্বাগত বক্তব্য রাখেন মাইক্রোসফট বাংলাদেশ, ভুটান, ব্রুনাই দারুসসালাম এবং নেপালের ব্যবস্থাপনা পরিচালক আফিফ মোহাম্মদ আলী।
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সায়েম আহমেদ, আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম ছাড়াও গোলটেবিলে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর অথ্যপ্রযুক্তি বিভাগের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সেলিম আহমেদ খান, ইজেনারেশনের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম; ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী; সোনালি ব্যাংক লিমিটেডের প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা ওমর ফারুক খন্দকার; লংকা বাংলা সিকিউরিটিসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম ; ব্রাক ব্যাংক লিমিটেডের প্রধান ডিজিটাল কর্মকর্তা শ্যামল বি দাশ প্রমুখ।